বিশ্বকাপ খেলার দাবি নিয়ে ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির কাছ থেকে নেতিবাচক বার্তা পাওয়ার পর দেয়ালে পিঠ ঠেকে গেছে বিসিবির। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা বা না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবার ক্রিকেটারদের সঙ্গে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই ‘মহাগুরুত্বপূর্ণ’ বৈঠকের ওপরই নির্ভর করছে ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভাগ্য।
বৈঠকে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই একে একে হোটেলে পৌঁছান সংশ্লিষ্টরা। সবার আগে উপস্থিত হন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এরপর একে একে আসেন ক্রিকেটাররা। চোখে-মুখে দুশ্চিন্তা নিয়ে হোটেলে প্রবেশ করেন অধিনায়ক লিটন দাস। সাইফ হাসান ও নুরুল হাসান সোহানও যোগ দিয়েছেন বৈঠকে। এছাড়া জাকের আলি, হাসান মাহমুদরাও এসেছেন। বিশ্বকাপ দলে না থাকলেও নিজেদের মত জানাতে এসেছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। আগেই হোটেলে প্রবেশ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সব মিলিয়ে বৈঠকের আগে ইন্টারকন্টিনেন্টালের পরিবেশ ছিল বেশ থমথমে।
এতদিন নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় ছিল সরকার ও বিসিবি। তবে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের প্রস্তাব ১৪-২ ভোটে নাকচ হয়ে যাওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং বহু স্তরবিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনাও তারা বিসিবির সঙ্গে শেয়ার করেছে।
এমন বাস্তবতায় আজকের বৈঠকে মূলত আইসিসির এই কঠোর অবস্থান এবং ভোটাভুটির ফলাফল সম্পর্কে ক্রিকেটারদের অবহিত করা হবে। একই সঙ্গে নিরাপত্তা নিয়ে খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত এবং তারা আদৌ ভারত সফরে যেতে ইচ্ছুক কি না, সেটি সরাসরি শুনবেন ক্রীড়া উপদেষ্টা। জানা গেছে, ক্রিকেটারদের ইচ্ছে বিশ্বকাপ খেলা। আজকের বৈঠকে তারা বিশ্বকাপ খেলার দাবি জানাতে পারে।
আইসিসির দেওয়া আল্টিমেটাম অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবির হাতে সময় আছে মাত্র একদিন। আজকের এই বৈঠকের পরই হয়তো নির্ধারিত হয়ে যাবে লাল-সবুজের বিশ্বকাপ ভাগ্য। ক্রিকেটাররা যদি নিরাপত্তার আশ্বাসে খেলতে রাজি হন, তবেই হয়তো বরফ গলবে। অন্যথায় বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো একপ্রকার নিশ্চিত হয়ে যাবে।