বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে মহেশখালীর অর্থনীতি বদলে যাবে: হামিদুর রহমান আযাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, মহেশখালী উপজেলার ধলঘাটা ও মাতারবাড়ীর নামেই বাংলাদেশ নতুন করে পরিচিতি লাভ করবে, কারণ দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে মাতারবাড়ীতেই এবং ধলঘাটা হবে এর গুরুত্বপূর্ণ সংযোগস্থল।

মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মহল্লা ও উঠান বৈঠকে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ডা. আযাদ বলেন, প্রায় ২৪ হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে মহেশখালী ও কক্সবাজারসহ দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, জমির মূল্য বহুগুণে বৃদ্ধি পাবে এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে।

তিনি জানান, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সঙ্গে গভীর সমুদ্রবন্দর নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান থাকলে আগামী ২০২৯ সালের মধ্যে বন্দরে বিশ্বের বড় জাহাজগুলো নোঙর করতে পারবে।

ডা. হামিদুর রহমান আযাদ আরও বলেন, মাতারবাড়ীকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে এবং ধলঘাটা হবে উন্নয়নের আঞ্চলিক হাব। ১৫ মিটার গভীরতায় প্রায় ৮ হাজার কনটেইনার ধারণক্ষমতার বড় জাহাজ নোঙরের সুযোগ সৃষ্টি হলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে।

তিনি সতর্ক করে বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের হাজার হাজার কোটি টাকা সঠিকভাবে কাজে লাগাতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচন করা জরুরি। তা না হলে অতীতের মতো দুর্নীতির কবলে পড়ে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। পাশাপাশি তিনি জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসচেতনতা বাড়াতে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মহেশখালী উপজেলা উত্তর জামায়াতের আমির মাস্টার নজরুল ইসলাম, সেক্রেটারি মাস্টার বশির আহমদ, ধলঘাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, মাতারবাড়ীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আনছারুল করিম, রাইহান উদ্দিন খোন্দাকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ক্যাটাগরি