চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে আটকা পড়েছে ৪ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে মুহাম্মদ মেজবাহ (৪) নামে এক শিশু আটকা পড়েছে। শিশু মেজবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল আলমের ছেলে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, গৃহহীনদের জন্য সরকারিভাবে দেওয়া বসতঘরের ২০–৩০ ফুট দূরত্বে সুপেয় পানির জন্য সরকারি খরচে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। এলাকাটি টিলাভূমি হওয়ায় পানির উৎসের জন্য সেখানে গভীর গর্ত তৈরি করা হয়েছিল। খেলতে খেলতে শিশু মেজবাহ অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায়। গর্তটি খুব গভীর হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করতে পারেননি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু তালেব জানান, শিশুটি পড়ে যাওয়ার পর কান্নার শব্দ শোনা গেছে। পরে রাউজান ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা কান্নার আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন, সে অনুযায়ী ধারণা করা হচ্ছে শিশু গর্তে পড়ে আটকা পড়েছে।”
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।
রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ শামসুল আলম বলেন, “ঘটনাস্থলে পৌঁছে আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। শিশু উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”
উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে ২ বছরের শিশু সাজিদ নিখোঁজ হয়। দীর্ঘ ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান শেষে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।