রাউজানে নলকূপের গর্তে পড়া শিশু উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে আটকে যাওয়া ৪ বছরের শিশু মুহাম্মদ মেজবাহকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধার করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল মান্নান জানান, রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বুধবার বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে শিশুটি খেলতে খেলতে গভীর নলকূপের খোলা গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালানোর পর অবশেষে তাকে গর্ত থেকে বের করা সম্ভব হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা খোলা নলকূপের গর্ত ও এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থাপনা দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন।