চন্দনাইশে যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ রোহিঙ্গা আটক
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে বসবাসরত ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের ‘বার্মা কলোনি’ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বুধবার মধ্যরাত থেকেই সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল পুরো বার্মা কলোনি এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে। ভোর হওয়ার পর ঘরে ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের শনাক্ত করে আটক করা হয়।
অভিযানে আটককৃতদের মধ্যে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী এবং ৮৩ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
চন্দনাইশ থানা ও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় আটক রোহিঙ্গাদের উখিয়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) তত্ত্বাবধানে তাদের নির্ধারিত ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।