বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বাংলাদেশে নিপা ভাইরাসে মৃত্যু, সতর্ক থাকার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

চলতি বছরে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চলে আক্রান্ত ওই নারী মারা যান।

ডব্লিউএইচওর তথ্যমতে, মৃত নারীর বয়স ছিল আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। গত ২১ জানুয়ারি তার জ্বর ও মাথাব্যথাসহ নিপাহ ভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে এক সপ্তাহের মধ্যেই তিনি মারা যান। পরীক্ষার মাধ্যমে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

জানা গেছে, ওই নারী সম্প্রতি কোনো ভ্রমণে যাননি। তবে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন। সাধারণত বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায়। বাদুড় খেজুরের রস বা ফলের সংস্পর্শে এলে সেখান থেকে মানুষ সহজেই সংক্রমিত হতে পারে।

মারা যাওয়া নারীর সংস্পর্শে আসা মোট ৩৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়। তবে তাদের সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নিপাহ ভাইরাস একজন থেকে আরেকজনে সহজে ছড়ায় না। এ কারণে আন্তর্জাতিক পর্যায়ে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই।

উল্লেখ্য, ২০২৫ সালেও বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত এই রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

ক্যাটাগরি