ভোট দেবেন যেভাবে, যেসব তথ্য জানতে হবে
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রচার-প্রচারণা শেষে নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ প্রেক্ষিতে ভোটকেন্দ্রে যাওয়ার আগে ও পরে ভোটারদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকা প্রয়োজন।
ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট দিতে যাওয়ার আগে প্রত্যেক ভোটারের নিজের সঠিক ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর জানা জরুরি। এসব তথ্য নির্বাচন কমিশনের ‘Smart Election Management BD’ অ্যাপ, হটলাইন ১০৫ নম্বরে কল করে, এসএমএসের মাধ্যমে অথবা উপজেলা ও জেলা নির্বাচন অফিস থেকে জানা যাবে। ভোট দিতে যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা ভালো হলেও এটি বাধ্যতামূলক নয়, যদি ভোটার তালিকায় নাম ও ছবি থাকে এবং পোলিং অফিসার পরিচয় নিশ্চিত করতে পারেন। তবে কোনো প্রকার অস্ত্র বা দাহ্য বস্তু নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
ভোটকেন্দ্রে প্রবেশের পর পোলিং অফিসার ভোটারের নাম ও ক্রমিক নম্বর যাচাই করবেন এবং আঙুলে অমোচনীয় কালি লাগাবেন। এরপর প্রিজাইডিং অফিসার সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি ব্যালট পেপার দেবেন। ব্যালট পেপারে অফিসিয়াল সিল ও স্বাক্ষর আছে কি না তা নিশ্চিত করতে হবে। গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকে স্পষ্টভাবে সিল দিতে হবে এবং সিল দেওয়ার পর ব্যালট এমনভাবে ভাঁজ করতে হবে যেন কালি অন্য কোনো প্রতীকে না লাগে। ভাঁজ করা ব্যালট সংশ্লিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে হবে।
এবারের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না। সম্পূর্ণভাবে কাগজের ব্যালট ও ব্যালট বাক্সে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল এবং মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন। দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।