বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে এবং এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, অত্যন্ত আনন্দ ও গৌরবের সঙ্গে অন্তর্বর্তী সরকার নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করবে এবং তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে নিজ নিজ কাজে ফিরে যাবে। তিনি বলেন, এই শুভ মুহূর্তের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ভাষণে তিনি দেশবাসীকে গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মধ্যে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, যার উদ্দেশ্য নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা এবং জনগণের আস্থা দুর্বল করা।

তিনি আরও বলেন, সম্প্রতি অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার উল্লেখ করে তিনি বলেন, এর একমাত্র উদ্দেশ্য গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানান, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে।

ক্যাটাগরি