স্বতন্ত্রে শেখ মুজিবুর রহমানের জয়, শতবর্ষী মায়ের চোখে আনন্দ অশ্রু
শোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফলাফল ঘোষণার পর তার বাড়িতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শতবর্ষী মা সৈয়দা হাজেরা খাতুন অশ্রুসজল চোখে বিজয়ী ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। উপস্থিত স্বজন, প্রতিবেশী ও সমর্থকরাও এ দৃশ্যে আপ্লুত হন।
চূড়ান্ত ফলাফলে দেখা যায়, শেখ মুজিবুর রহমান ইকবাল পেয়েছেন ৭৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় ইকবালসহ তার কয়েকজন অনুসারীকে নির্বাচনের আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে ভোটের ফলাফলে এলাকাবাসীর ব্যাপক সমর্থন তার পক্ষেই যায়।
এই বিজয় শুধু স্থানীয় রাজনীতির সাফল্য নয়, বরং পরিবারটির জন্য আন্তর্জাতিক পর্যায়েও গৌরবের বিষয়। ইকবালের বড় ভাই শেখ মুজাহিদুর রহমান চন্দন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গুইনেট ডিস্ট্রিক্টে টানা চতুর্থবারের মতো সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। একই পরিবারের দুই সদস্য বর্তমানে দুই ভিন্ন দেশের পার্লামেন্টে জনগণের প্রতিনিধিত্ব করছেন-যা বিরল এক কৃতিত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।