চাঁদা না পেয়ে মহেশখালীর শাপলাপুরে মহিলা মেম্বারের বাড়িতে হামলা, গুরুতর আহত
মহেশখালী (কক্সবাজার), ১৪ ফেব্রুয়ারি: মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে চাঁদা দাবির জেরে মহিলা মেম্বার দিলরুবা বেগম দিলুর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে একদল সন্ত্রাসী তার বসতভিটায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাটি শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ষাইটমারা এলাকায় সংঘটিত হয়। আহত দিলরুবা বেগম শাপলাপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ও স্থানীয় বদরুদ্দীনের স্ত্রী।
ভুক্তভোগী পরিবারের দাবি, কিছুদিন ধরে একটি চক্র তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় হামলার ঘটনা ঘটে। ঘটনার দিন অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় বাড়ির নারীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, জলি বকসুর নেতৃত্বে হামলায় অংশ নেন রবি আলম, আইয়ুব আলী, নুরুল হুদা, আলী আজম, তার পুত্র আব্দুল হামিদ, নুরুল আজম ও তার পুত্র আব্দুল আজিজ। তারা সবাই শাপলাপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের মধ্যম ষাইটমারা এলাকার মৃত আবদু ছমদের পুত্র।
হামলায় গুরুতর আহত হন দিলরুবা বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।