মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো ধরনের অবৈধ তদবির বরদাশত করা হবে না। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশে ‘মব কালচার’ পুরোপুরি বন্ধ করতে হবে। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। তবে যৌক্তিক দাবি আদায়ের ক্ষেত্রে গণতান্ত্রিক পন্থায় মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদানের অধিকার বহাল থাকবে বলেও জানান তিনি।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। অতীতে পুলিশের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *