পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ তার কানেও এসেছে।
তিনি বলেন, “আমি বিষয়টি খোঁজ নিতে বলেছি এবং তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছি। যদি এ ধরনের ঘটনা প্রমাণিত হয়, তাহলে আমরা এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো।”
পুলিশের টপ লেভেলে পরিবর্তন
পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিছু পরিবর্তন তো আসবেই।” তবে কবে নাগাদ এ পরিবর্তন কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাননি তিনি।
সংসদ অধিবেশন ১২ মার্চ
মন্ত্রী জানান, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন।
সেই অনুযায়ী আগামী ১২ মার্চ জাতীয় সংসদ–এর অধিবেশন আহ্বান করা হবে। প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ উপস্থাপন, শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণসহ নিয়মিত কার্যসূচি থাকবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্র: ঢাকা পোস্ট