সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

একযোগে ইসির ১১২ কর্মকর্তাকে বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। আগামী ১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তারা ওইদিন অপরাহ্ণে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

ইসি সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এটিই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার পর্যায়ের একাধিক নির্বাচন রয়েছে। এসব নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই মাঠ পর্যায়ে এই রদবদল করা হয়েছে।

এদিনই ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচন কমিশনের পাশে থাকার আশ্বাস দেন।

ক্যাটাগরি