বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

ফেসবুক বায়োতে শেষ ইচ্ছা নিজ জন্মভূমি সেন্টমার্টিনে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়” সড়ক দুর্ঘটনায় নিহত মালেক

_সড়ক দুর্ঘটনায় নিহত মালেক

কক্সবাজার-এ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর আব্দুল মালেক (৩৪)।

বুধবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রামুর জোয়ারিয়ানালায় বিকেএসপির লাগোয়া সরকারি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের শেষ দিন শেষে সিএনজিযোগে কক্সবাজার শহরে ফিরছিলেন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আব্দুল মালেক সেন্টমার্টিন দ্বীপের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার মৃত আলী হোসেনের ছেলে। তিনি স্থানীয় ‘সি প্রবাল রিসোর্ট’-এর মালিক ছিলেন এবং এক কন্যা সন্তানের জনক।

উচ্চশিক্ষিত এই তরুণ উদ্যোক্তা চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। সেন্টমার্টিন দ্বীপ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হাতেগোনা কয়েকজনের একজন ছিলেন তিনি।

নিজের ফেসবুক বায়োতে সর্বশেষ তিনি লিখেছিলেন, মৃত্যুর পর যেন তাকে জন্মভূমি সেন্টমার্টিনে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

কক্সবাজার সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে তার বাবা-মা মারা গেছেন। এবার সড়ক দুর্ঘটনায় অকালেই ঝরে গেল এই সম্ভাবনাময় তরুণের প্রাণ।

ক্যাটাগরি