ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবার নিশ্চিত করেছে।

ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে জাহের আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে পারেননি।

ইকরার চাচা দিপু খান জানান, ইকরা ময়মনসিংহের ভালুকায় ছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ইকরার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অসংখ্য ভক্ত ও পরিচিতজন শোক ও বিস্ময় প্রকাশ করেছেন। মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা আগে দেওয়া একটি পোস্ট ঘিরে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ মন্তব্য করেছেন, “অন্তত সন্তানের জন্য হলেও যেন এই খবরটি মিথ্যা হয়।” আবার কেউ লিখেছেন, “আলভীর জন্মদিনে মা-ছেলের সুন্দর ভিডিও দেখার পর এমন সংবাদ বিশ্বাস করা কঠিন।”

জাহের আলভী ও ইকরা ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের এক পুত্র সন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ ঘটনায় শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *