‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সংসদে কার্যক্রম পরিচালনা করতে চায় না। তারা চান সংসদ হোক জনগণের প্রত্যাশা পূরণের কেন্দ্রবিন্দু এবং দেশের সমস্যা সমাধানের কার্যকর প্ল্যাটফর্ম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সরকারি দল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। আমরা চাই না জাতীয় সংসদের একটি সেকেন্ডও নষ্ট হোক। সংসদ কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু হোক-সেটা চাই না। বরং জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু।”
তিনি অতীতের সংসদীয় অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বলেন, “নির্বাচন যেমন আমি-ডামি ছিল, সরকারিও ও বিরোধী দলও তেমনি আমি-ডামি ছিল। এই ধরনের বিরোধী দল কোনো দেশের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনতে পারে না।”
সরকারের ইতিবাচক উদ্যোগে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, সংগত পদক্ষেপে পূর্ণ সহযোগিতা থাকবে। তবে সরকার যদি কোনো অসংগত সিদ্ধান্ত নেয়, তাহলে প্রথমে তা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে। “সরকার আমাদের পরামর্শ গ্রহণ করলে জাতি উপকৃত হবে। আর গ্রহণ না করলে বিরোধী দলের যে সাংবিধানিক ভূমিকা, সেটাই আমরা পালন করবো,”-বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমান।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় কারি বেলাল হোসাইনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল্লামা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস।