আজ বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: বাংলাদেশ থেকে কখন ও কীভাবে দেখবেন?
আকাশপ্রেমীদের জন্য আজ এক বিশেষ দিন। বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। গ্রহণ চলাকালীন সময়ে চাঁদ লালচে রঙ ধারণ করবে, যা সাধারণভাবে ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ নামে পরিচিত। এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে এবং বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। এই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, ফলে সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো প্রতিসারিত হয়ে চাঁদের ওপর পড়ে। NASA–এর তথ্য অনুযায়ী, পৃথিবীর বায়ুমণ্ডল নীল রঙের আলো বেশি বিচ্ছুরিত করে দেয় এবং লাল রঙের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য চাঁদের দিকে পাঠিয়ে দেয়। এ কারণেই গ্রহণের সময় চাঁদ তামাটে বা লালচে দেখায়। সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় আকাশ লাল দেখানোর পেছনেও একই বৈজ্ঞানিক কারণ কাজ করে।
গ্রহণের কেন্দ্রীয় গতিপথ হবে উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দক্ষিণ-পশ্চিমে। এছাড়া কিমম্যান রিফ জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য, হুল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন সাগরে অবস্থিত মাইক্রোনেশিয়ার কোসরাই দ্বীপ ও লুগাও অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশে এটি দৃশ্যমান হবে।
বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত গ্রহণের শেষাংশ দেখা যাবে। চট্টগ্রামে বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ডে, সিলেটে বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে, রাজশাহীতে সন্ধ্যা ৬টা ০৭ মিনিট ৩৬ সেকেন্ডে, খুলনায় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট ১২ সেকেন্ডে, বরিশালে সন্ধ্যা ৬টা ০১ মিনিট ৫৪ সেকেন্ডে, ময়মনসিংহে সন্ধ্যা ৬টা ০০ মিনিট ২৪ সেকেন্ডে এবং রংপুরে সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণের দৃশ্য দেখা যাবে।
আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে। কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই, তবে দূরবীন ব্যবহার করলে দৃশ্য আরও স্পষ্ট দেখা যেতে পারে।