জাতীয়

আটকেপড়াদের আনতে আবুধাবিতেও বিশেষ ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–চট্টগ্রাম–আবুধাবি–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

বুধবার (৪ মার্চ) প্রথম বিশেষ ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে ছেড়ে যাবে। চট্টগ্রাম থেকে ফ্লাইটটি রাত ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করবে। একই উড়োজাহাজ আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশে রওনা হবে।

১৮৯ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। ঢাকা/চট্টগ্রাম–আবুধাবি রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪৯ এবং আবুধাবি–ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৫০।

আবুধাবি এয়ারপোর্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ইত্তেহাদ এয়ারওয়েজ-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, জাতীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ২৮ জন ফ্লাইট ক্রু সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে আছেন। তাদেরকে দুবাই-ঢাকা বিশেষ ফ্লাইট বিএস-৩৪২ এর মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নিয়েছে ইউএস-বাংলা।

এছাড়া যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ক্যাটাগরি