ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চও সাধারণ ছুটি, মোট ছুটি সাত দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত আরও একদিন ছুটি ঘোষণা করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও সাধারণ ছুটি থাকবে, ফলে এবার ঈদের ছুটি কার্যত সাত দিনে গড়াচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে এর আগেই জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদের পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। সে অনুযায়ী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল।
এই সময়ের মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকার কথা রয়েছে। ফলে ১৭ মার্চ থেকে শুরু করে টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
সরকারের এই সিদ্ধান্তে ঈদযাত্রা ও উৎসব উদযাপনে সাধারণ মানুষের জন্য বাড়তি স্বস্তি তৈরি হবে বলে মনে করা হচ্ছে।