শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী

মহেশখালী শাপলাপুরে পরিকল্পিত হামলার ঘটনায় ৪ জন আহত, মুমূর্ষু সিরাজকে চমেকে প্রেরণ

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনায় একই পরিবারের অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় চিহ্নিত ৯ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে, যা এলাকায় তাদের দীর্ঘদিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ইঙ্গিত দেয়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে শাপলাপুর ছাদেকেরকাটা বাজার এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা, লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাটি ছিল পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ উঠেছে।
হামলায় গুরুতর আহত হন মোঃ বাবুল (৩৫), মোঃ সিরাজ, রাহিত ইসলাম ও শহিদুল ইসলাম। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিরাজ ও রাহিত ইসলামকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মোঃ সিরাজকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ ঘটনায় হামলাকারী অভিযুক্তরা হলো, নুর মোহাম্মদ ওরফে শুরা মনিয়্যা (৪৫), নুরুল কাদিয়া (৩৫), আবু তাহের (৭৫), আনোয়ার (৫০), মাশাফি ওরফে আকাশ (১৯), শহিদ আফ্রিদি (২২), রেজিয়া আক্তার (৪০), মাহাফুজুর রহমান (৩৫) ও জান্নাত আরা (৩৫)। স্থানীয়দের দাবি, এরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
আহত বাবুলের স্ত্রী কামরুন্নেছা কলি বাদী হয়ে মহেশখালী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। হামলাকারীরা ভয়ভীতি প্রদর্শন করে এলাকাবাসীকেও আতঙ্কিত করে তোলে।
ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সুলতান জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাটাগরি