সুগন্ধা সৈকতে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যটন শৃঙ্খলা বজায় রাখতে উচ্ছেদকৃত এলাকা পরিদর্শন
কক্সবাজারের সুগন্ধা সৈকতে উচ্ছেদ হওয়া এলাকা পরিদর্শন করে পর্যটন এলাকার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি তিনি ব্যবসায়ীদের সরকারকে সহযোগিতা করার এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।
রবিবার (২২ মার্চ) দুপুরে সুগন্ধা পয়েন্টে গিয়ে সরেজমিন পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “আগে সরকারকে সহযোগিতা করুন, দেশের প্রতি সু-দৃষ্টি রাখুন। পর্যটন খাত দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ জরুরি।”
তিনি নির্দেশ দেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় দখল বা বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক থাকবে। মন্ত্রী আরও বলেন, সরকারি জমি ছাড়া জেলা প্রশাসন অন্য কোথাও অভিযান পরিচালনা করতে পারবে না এবং সব কার্যক্রম আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হবে।
এর আগে কক্সবাজারের আইনশৃঙ্খলা সভায় তিনি সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত এসব দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়, যা সৈকতের সৌন্দর্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী কলাতলী ও সুগন্ধা পয়েন্ট ঘুরে দেখেন। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক আ. মান্নান, পুলিশ সুপার সাজিদুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এবং অন্যান্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।