সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার (২৩ মার্চ) তিনি জানান, “মির্জা আব্বাসের শরীরের বিভিন্ন প্যারামিটার পজেটিভ সাইন দিচ্ছে। উনার অবস্থা উন্নতির দিকে। ব্রেইনের বিষয় হওয়ায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। উনার জন্য সবার কাছে দোয়া চাই।”
গত ১৫ মার্চ ঢাকায় চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে উঠিয়ে চেয়ারে বসিয়েছেন, যা সুস্থতার একটি ইতিবাচক লক্ষণ। তিনি ধীরে ধীরে কথা বলতেও পারছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতালে তার পাশে রয়েছেন সহধর্মিনী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস।
এর আগে ১৩ মার্চ রাজধানীর Evercare Hospital-এ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচারের পর দুই দিন আইসিইউতে রাখার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।