এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার’। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে এটি।

এবার যুক্তরাজ্যের বাংলাভাষী দর্শকদের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর নবম আসরে প্রিমিয়ার হবে রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি।

আগামী ২২ এপ্রিল লন্ডনে ছবিটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প এবং ব্যতিক্রমী নির্মাণশৈলী উপস্থাপনের লক্ষ্যেই উৎসবের এবারের আসরে ‘প্রেশার কুকার’কে নির্বাচিত করা হয়েছে।

লন্ডনে অনুষ্ঠিতব্য এই বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী সশরীরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আলোচিত এই ছবিটিতে একসঙ্গে চার নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্তা।

ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রায়হান রাফী বলেন, ‘প্রেশার কুকার’ মূলত একটি আর্টিস্টিক ধাঁচের সিনেমা। এটি উৎসবকেন্দ্রিক দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পাবে বলেই মনে করেন এই নির্মাতা। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’ উৎসবটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

চলচ্চিত্র উৎসবটি থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়াকে পুরো টিমের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন রাফী। এদিকে দেশের গণ্ডি পেরিয়ে চলতি সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হচ্ছে ‘প্রেশার কুকার’।

এছাড়া আগামী সপ্তাহ থেকে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *