কক্সবাজার সহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস
কক্সবাজার সহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে রোববার (১৯ জুলাই) রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
রোববার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর সক্রিয়, দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই পরিস্থিতিতে সোমবার (২০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ঝড়ো আবহাওয়ার সময় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং জনসাধারণকে প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে।