ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং সহসভাপতি মাঈন আহমেদ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদ গ্রহণ করেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্বে থাকলে সাংগঠনিক মতদ্বৈততা বা ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ তৈরি হতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।
ছাত্র ইউনিয়ন জানায়, সংগঠনের আদর্শ, নীতিমালা ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে থাকা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিদায়ী নেতাদের সাংগঠনিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ছাত্র ইউনিয়ন তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আগের মতোই কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় ও কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিনি প্রতিরোধ পরিষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।