মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জুলাই) রংপুর টার্মিনালস্থ বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলই নেবে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপিকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, যারা এমন মন্তব্য করেন, তাদের হয় গণতন্ত্র সম্পর্কে জ্ঞানের অভাব রয়েছে, নয়তো তাদের মানসিকতা সেভাবেই গড়ে উঠেছে।

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র সম্পর্কে আরও ভালোভাবে পড়াশোনা করা উচিত। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সেটি তাদের নিজেদেরই বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, সরকারের মেয়াদ মাত্র চার মাস অতিরিক্ত হয়েছে। এরই মধ্যে কৃষির উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে এবং কৃষিখাতের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে রংপুর শিল্পকলা একাডেমিতে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি জানান, নারীর ক্ষমতায়নে সরকার প্রতিটি পরিবারে আড়াই হাজার টাকা সহায়তাসহ ‘ফ্যামিলি কার্ড’ দেবে। চলতি বছরের শেষ নাগাদ ৪১ লাখ পরিবারকে এই কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের সেবক ও গির্জার পাদরিদেরও ভাতার আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

রংপুর ও রাজশাহী বিভাগকে কৃষিভিত্তিক উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, এ অঞ্চলের হস্তশিল্প, কার্পেট, চাদর, কাঁথা, বেডশিট ও আসবাবপত্র বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিরও উন্নয়ন হবে।

সবশেষে তিনি বলেন, আগের সরকারের ১৫ বছরের শাসনের কারণে নানা সংকট তৈরি হয়েছে। উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার কাজ করছে এবং জনগণ উদ্যোগ নিলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

ক্যাটাগরি