সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

বন্যাদুর্গত চট্টগ্রামের তিন উপজেলা,হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন, তা এখন পর্যন্ত চূড়ান্ত।”

সফরকালে প্রধানমন্ত্রী বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যায় গৃহহারা পরিবারের জন্য সরকারি সহায়তায় নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ করেছে। সফরের সময় প্রধানমন্ত্রী এসব পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। এছাড়া সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চট্টগ্রামে পৌঁছাবেন। তার অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালীতে আয়োজিত সমাবেশে যোগ দেবেন এবং সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তাকে ও দলের সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। সফরকে সফল করতে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিকে, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। দাপ্তরিকভাবে বিস্তারিত সফরসূচি পাওয়ার পর সেই অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

ক্যাটাগরি