কক্সবাজারে র্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জিয়াবুল গ্রেপ্তার
কক্সবাজারে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ ও র্যাব-৭।
সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের বাগানবাড়ি রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াবুল হক চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার রহমত উল্লাহর ছেলে।
র্যাব জানায়, ২০০৯ সালে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় জিয়াবুল হকের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সাজা ঘোষণার পর থেকেই জিয়াবুল হক আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে র্যাব-১৫ সদর ব্যাটালিয়ন ও র্যাব-৭-এর একটি দল গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের হোটেল-মোটেল জোনে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াবুল হক আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে চট্টগ্রাম থেকে পালিয়ে কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।