সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে ১৬ মামলার পলাতক আসামি অস্ত্র-গুলিসহ আটক

কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যাসহ ১৬টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক প্রকাশ নাহিদকে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ থানাধীন পশ্চিম লেদা এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করেন। পরে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, নাহিদসহ আরও পাঁচজন একটি সিএনজিচালিত অটোরিকশায় এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে নাহিদের পাঁচ সহযোগী পালিয়ে যায়। নাহিদকে আটক করা সম্ভব হয়।

পরে আটক নাহিদের পরিহিত লুঙ্গির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় সিএনজির পেছনের সিটের বক্সে তিনটি ওয়ান শুটার গান ও গুলি ফেলে যায়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল খালেক প্রকাশ নাহিদ অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যাসহ ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ।

ক্যাটাগরি