টেকনাফ

টেকনাফের ওসিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যুবদল নেতা কায়ুমকে কারণ দর্শানোর নোটিশ

কক্সবাজারের টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামকে নিয়ে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শনিবার (৮ আগস্ট) বিকেলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশে আব্দুল কাইয়ুমকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সামনে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, উপজেলা যুবদলের আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আব্দুল কাইয়ুম রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে উদ্দেশ করে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন। তার এমন কর্মকাণ্ড সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।

এর আগে শুক্রবার টেকনাফ পৌর বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ওসি মো. সাইফুল ইসলামকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আব্দুল কাইয়ুম। তিনি টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, তিনি জনসেবা দিতে এসেছেন এবং কারও সঙ্গে তার শত্রুতা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।

এখন আব্দুল কাইয়ুমের দেওয়া ব্যাখ্যার ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ক্যাটাগরি