তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লাখ টাকার ওষুধসহ ৩ জন আটক
মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি বিপুল পরিমাণ ওষুধসহ তিনজনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের কাস্টমস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কক্সবাজারের টেকনাফের পুরাতন পল্লান পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে হারুন মিয়া (২৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রামের বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া (১৮) এবং কক্সবাজারের উখিয়ার টিএনটি এলাকার মো. জয়নালের ছেলে মো. আকছার (২০)।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুমব্রু বিওপির একটি অভিযানিক দল সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।
তিনি বলেন, তল্লাশির সময় ট্রাক থেকে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। এসব ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় ট্রাকটির সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়েছে।
বিজিবির ধারণা, উদ্ধার করা ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ওষুধ ও অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।