টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক
টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তবর্তী কোনাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো. আব্দুর রহিম এবং একই এলাকার আলী জোহরের ছেলে কোরবান আলী।
৬৪ বিজিবি জানায়, কোনাপাড়া এলাকায় জাফরের মাছের ঘেরের পাশ দিয়ে মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। পরে বিজিবির সদস্যরা তাদের থামিয়ে বহন করা ব্যাগ তল্লাশি করেন।
তল্লাশিতে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুটি কার্টন থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি চেইন, একটি হাতঘড়ি ও একটি দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ৬৪ বিজিবি।