শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

ক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী টেকনাফের শাহপরী দ্বীপের নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় আরেকটি অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে মাদক কারবারিরা তা অমান্য করে দ্রুত বোটটি নাফ নদীর তীরে ফেলে পালিয়ে যায়।

পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি