টেকনাফে দিনেদুপুরে ডাকাতির ঘটনার মূলহোতা গ্রেফতার
টেকনাফ সড়কে দিনের আলোয় সংঘটিত ৫৭ লাখ টাকা লুটের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটনের পথে রয়েছে পুলিশ। এ ঘটনায় সরাসরি জড়িত ও পরিকল্পনার নেতৃত্বদানকারী মূল অভিযুক্তসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছে না পুলিশ।
সূত্র জানায়, সোমবার (৩ আগস্ট) মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে রঙিখালী এলাকার এক ব্যক্তিকে আটক করা হয়, যাকে ডাকাতির মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। পরে তার আরও দুই ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লুট হওয়া ৫৭ লাখ টাকা উদ্ধারের পাশাপাশি এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কোনো বড় অপরাধচক্র এর পেছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি দাবি করেছেন, ঘটনার দিন বিকাশের বিক্রয় প্রতিনিধিরা ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় অভিযুক্তদের এক ঘনিষ্ঠ নারী আত্মীয় বিষয়টি লক্ষ্য করেন। পরে তিনি ডাকাত দলের সদস্যদের খবর দেন এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাসটির গতিবিধি অনুসরণ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতরা পরিকল্পিতভাবে সড়কে গাছের গুঁড়ি ফেলে বাসটির গতিরোধ করে।
এরপর মুখোশধারী সশস্ত্র ডাকাতরা যাত্রীদের জিম্মি করে বাসে উঠে বিকাশের বিক্রয় প্রতিনিধিদের ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা ৫৭ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে গত রোববার (২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার ১৪ নম্বর সেতুর কাছে। টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাসের সামনে পেরেক লাগানো গাছের গুঁড়ি ফেলে বাসটির পথরোধ করা হয়।
ডাকাতদের হামলায় বিকাশের বিক্রয় প্রতিনিধি আরমান (২৪) ছুরিকাঘাতে আহত হন। এছাড়া তার সহকর্মী সাকিব (২১) ও একরাম (২২) আহত হন। তারা সবাই টেকনাফ পৌরসভার বাসিন্দা।
জানা গেছে, তারা টেকনাফের সীমান্ত ব্যাংক শাখা থেকে ৫৭ লাখ টাকা উত্তোলন করে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিকাশ এজেন্টদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে শুধু জানিয়েছেন, ডাকাতির ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।