মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ থানার নাফ নদী এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা মাদক কারবারিরা তা অমান্য করে দ্রুত পাশের গোলারচর এলাকায় বোট রেখে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত বোটে তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা আইস ও বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ক্যাটাগরি