বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুই অভিযানে প্রায় দেড় লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল দক্ষিণ রহমতের বিল এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে নদীপথে মাথায় একটি বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

আটক ব্যক্তি উখিয়া উপজেলার দক্ষিণ রহমতের বিল এলাকার বাসিন্দা মো. মনজুর আলী (৪০)। পরে তার বহন করা বস্তা তল্লাশি করে ১২টি কার্টনে রাখা এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত থেকে ইয়াবা এনে দেশের অভ্যন্তরে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

অন্যদিকে, বুধবার ভোরে পালংখালী বিওপির একটি টহল দল ডেইলপাড়া চেকপোস্টের পেছনে সৈয়দ নুরের বাড়ির সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা দুই সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উভয় অভিযানে উদ্ধার হওয়া মোট এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ক্যাটাগরি