উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
কক্সবাজারের উখিয়া সীমান্তে মায়ানমার থেকে ইয়াবার চালান পাচারের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মোঃ নুর ইসলাম (২৫) ও মোঃ হারেস (২০) নামের ২ জন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী আঞ্জুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘেরের এলাকায় মায়ানমার দিক থেকে ২ জন ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পায়। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন-কক্সবাজারের উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মোঃ নূর ইসলাম (২৫) এবং বালুখালী এফডিএমএন ক্যাম্প-১৫-এর মৃত হাচানের ছেলে মোঃ হারেস (২০)।
পরবর্তীতে আটককৃতদের বহনকৃত পলিব্যাগ তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন থেকে সর্বমোট ১,৪০,০০০ (এক লাখ চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মায়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, ইয়াবার চালানের মূল উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।