সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় খসড়া পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও পিতা-মাতা কিংবা দাদা-দাদি যাতে জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহার করতে পারেন, সে বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে কার্যকর ‘সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২’-এ দাতা নিজের জীবদ্দশায় ভোগাধিকার সংরক্ষণ করে সম্পত্তি দান করতে পারবেন এমন কোনো সুস্পষ্ট বিধান নেই। ফলে পিতা-মাতা বা দাদা-দাদি সন্তান কিংবা নাতি-নাতনির নামে সম্পত্তি দান করলেও জীবিত অবস্থায় সেই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার বিষয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

এই বাস্তবতা বিবেচনায় নতুন সংশোধনীতে দাতার আজীবন ভোগাধিকার নিশ্চিত করার বিধান যুক্ত করা হয়েছে। এর ফলে সম্পত্তি দান করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ব্যবহার, ভোগ ও নিয়ন্ত্রণের আইনি অধিকার সংরক্ষণ করতে পারবেন।

সরকারের মতে, এ সংশোধনের মাধ্যমে পারিবারিক সম্পত্তি হস্তান্তরকে আরও সুশৃঙ্খল করা, দাতার স্বার্থ রক্ষা করা এবং ভবিষ্যতে এ ধরনের বিরোধ কমিয়ে আনা সম্ভব হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে এটি জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

ক্যাটাগরি