জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২৭ মিনিটে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধকে দেশের জাতীয় গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন স্মারক হিসেবে উল্লেখ করেন।

পরিদর্শন-বইয়ের মন্তব্যে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের বীর ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। তাঁদের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এরপর রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘উদয় পদ্ম’ গাছের একটি চারা রোপণ করেন। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

রাষ্ট্রপতি স্মৃতিসৌধে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রাষ্ট্রপতি কার্যালয় ও সাভার ক্যান্টনমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি