রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ

ভারতের কলকাতায় ‘শিখা ইন’ নামে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে মরদেহগুলো বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহগুলো দেশে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কফিন ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশীষ দত্ত (৩), শ্বশুর আকরাম হোসেন (৬০) এবং ঢাকার সাভারের আহমেদ বাবু (৩৭)।

মরদেহ হস্তান্তরের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ, বেনাপোল পোর্ট থানা পুলিশ ও আইসিপি বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, গত মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশির মৃত্যু হয়। তাঁদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন এবং ঢাকার সাভারের একজন ছিলেন। শনিবার পাঁচজনের মরদেহ দেশে ফিরেছে।

এদিকে সাতক্ষীরার কালিগঞ্জের এস এম আলিমুজ্জামানের মরদেহও শনিবার দুপুর ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়েছে বলে জানা গেছে। পরিবারের সম্মতিতে নিহত রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশুসহ নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন, সাতক্ষীরার দুজন এবং ঢাকার সাভারের একজন রয়েছেন।

ক্যাটাগরি