রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তরুণ নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে আহত অবস্থায় নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা মো. সাবেরের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, দোছড়ি ইউনিয়নের মিয়ানমার সীমান্তের ৫২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে সাইফুল গুরুতর আহত হন। বিস্ফোরণে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, সাইফুল সীমান্তের শূন্যরেখা পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে গিয়েছিলেন। বাঁশ কাটার সময় অসাবধানতাবশত মাটিতে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। এলাকাটি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন, সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করতে স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে। ল্যান্ডমাইন বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ ও চলাচলের ক্ষেত্রে স্থানীয়দের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

ক্যাটাগরি