বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আটজনকে ভাসমান অবস্থায় উদ্ধার, পাঁচজন নিখোঁজ
বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা এলাকার এফবি বরকত নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে ভাসমান অবস্থায় অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করেছেন। এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে পাথরঘাটা উপকূল থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে ১৩ জন জেলেকে নিয়ে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে যায় এফবি বরকত। পরে মাছ ধরার জন্য ট্রলারটি সাগরে নোঙর করা অবস্থায় আবহাওয়া খারাপ হয়ে যায়। উত্তাল ঢেউয়ের মধ্যে হঠাৎ ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজন সাঁতরে কাছাকাছি থাকা অপর একটি মাছ ধরার ট্রলারে উঠতে সক্ষম হন। তবে বাকি পাঁচ জেলে নিখোঁজ হন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা থেকে এফবি জহুরা নামে একটি ট্রলার পাঠানো হয়েছে। নিখোঁজদের পরিচয় শনাক্ত এবং উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে সাগরে উদ্ধার অভিযান চলছে।