জাতীয়

সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফশিল: সিইসি

আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তবে দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও আইনি সময়সীমাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তফশিল ঘোষণার সঙ্গে সঙ্গে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কমিশনারকেও কাজ শুরু করতে বলা হয়েছে।

নির্বাচনের তফশিল প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, ‘আমার মনে হয়, আমরা সেপ্টেম্বরের মধ্যে একটা তফশিল দিতে পারব।’ তবে নির্বাচনের সময় নির্ধারণে দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা এবং আইনি সময়সীমাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হচ্ছে বলে জানান তিনি।

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে হবে উল্লেখ করে সিইসি বলেন, এ ক্ষেত্রে আইনি বিষয়ও রয়েছে।

নভেম্বরের শেষ দিকে নির্বাচন শুরুর সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা দ্রুত শেষ করা সম্ভব হলে নভেম্বরের শেষ দিকে ভোট আয়োজনের বিষয়টি বিবেচনা করা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান সিইসি।

নির্বাচনের সময় নিয়ে তিনি বলেন, ‘আমাদের সময়ের স্লট খুবই শর্ট। এরপর রমজান চলে আসবে। রমজানের পরে ঈদুল আজহা, তারপর বর্ষাকাল—নানাবিধ জটিলতা আছে। সবকিছু মিলিয়েই আমাদের নির্বাচন করতে হবে।’

ক্যাটাগরি