ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
কক্সবাজারের ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ আকিব নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঈদগাঁও থানার দক্ষিণ পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বাশভর্তি একটি ট্রাকের পেছনে একই দিক থেকে আসা রডভর্তি অপর একটি ট্রাক দ্রুতগতিতে গিয়ে ধাক্কা দেয়। এতে রডভর্তি ট্রাকটির হেলপার মোহাম্মদ আকিব ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় ট্রাকের চালক অক্ষত রয়েছেন। পরে তাঁকে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
চালকের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত মোহাম্মদ আকিব দুই সন্তানের জনক। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধারের কার্যক্রম শুরু করে। মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের ফাঁড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।