রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ক্যাম্পগুলোতে ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে কক্সবাজার জেলায় মোট ৫ হাজার ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৮৮২ জন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ক্যাম্পগুলোতে ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জন শিশু। বাকি চারজন বয়স্ক নারী ও পুরুষ।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন।
ক্যাম্পগুলোতে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় রোগী শনাক্ত ও চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।