ডেঙ্গু আক্রান্ত হয়ে মহেশখালী কলেজ ছাত্র মুজাহিদের মৃত্যু
কক্সবাজারের মহেশখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুজাহিদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মুজাহিদ উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহীর পাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর অসুস্থ বোধ করলে মুজাহিদ স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ৩ অক্টোবর মহেশখালী হাসপাতালে রক্ত পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।
এরপর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। একপর্যায়ে রক্তবমি এবং নাক-মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার আরও অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রামে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
মুজাহিদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে স্বজনেরা শোকাহত।
কলেজজীবন মাত্র শুরু করেছিলেন মুজাহিদ। পড়াশোনা শেষ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ছিল তাঁর। তাঁকে ঘিরে পরিবারেরও ছিল নানা প্রত্যাশা। তাঁর অকালমৃত্যুতে সেই স্বপ্নগুলোও থেমে গেল।