টেকনাফ বড়ইতলি এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার রাত ১টার দিকে টেকনাফের বড়ইতলি-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।