টেকনাফ

সেন্টমার্টিনে মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ আটক ১২

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।

বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় সিমেন্ট পাচারে ব্যবহৃত বোটসহ ১২ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি