কক্সবাজারে পাঁচদিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু
কক্সবাজারে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২৫’। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের শহীদ দৌলত ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধারা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী পর্বে সম্মিলিত কণ্ঠে মুক্তিযুদ্ধের গান এবং সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর নৃত্য বিভাগের পরিবেশনায় আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বর্ণাঢ্য বিজয় র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আবৃত্তি, নৃত্য, গান, সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মূল সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করেন জেলার অন্যতম শিশু-কিশোর সংগঠন ঝিনুক মেলা খেলাঘর আসর, দয়া সংগীত একাডেমি, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী ও ছাইলোক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ। যুগ্ম আহ্বায়ক ছোট দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, এম. রহুল আমিন মুকুল, আবদুল মাবুদ, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যুৎ মজুমদার, উপদেষ্টা আব্দুল মতিন আজাদ, আহ্বায়ক সুবিমল পাল পান্না এবং সদস্য সচিব নাছির উদ্দীন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে বিজয় মেলা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
মেলা উপলক্ষে শহীদ দৌলত ময়দানে নির্মাণ করা হয়েছে প্রধান মঞ্চসহ বিভিন্ন প্রদর্শনী স্টল। এবছর কক্সবাজারের প্রায় ২০টি সাংস্কৃতিক সংগঠন মেলায় অংশ নিচ্ছে। সংগীত, নৃত্য, নাটক, গণসংগীত, আবৃত্তি ও দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হচ্ছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস।
আয়োজকরা জানান, মেলার মঞ্চ ও পুরো প্রাঙ্গণ মুক্তিযুদ্ধকালীন প্রতীক, ঘটনা ও স্মৃতিচিহ্নের আদলে সাজানো হয়েছে, যাতে দর্শনার্থীরা সে সময়ের আবহ অনুভব করতে পারেন। মেলায় মোট ২০টি স্টল স্থান পেয়েছে।
২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বিজয় মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।