চকরিয়ার ফাঁসিয়াখালীতে হানিফ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর ঢালায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. আয়াছ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে। গুরুতর আহত অবস্থায় আয়াছকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আয়াছ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম উদ্দিনের ছেলে। তিনি সাংবাদিক জাবেদ রকি এবং বিএনপি নেতা নাজেম উদ্দিন ও সাইফুল ইসলামের ভাতিজা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।